করোনা মহামারির কারনে ব্রিটেনের হিথ্রো বিমানবন্দরের ২ বিলিয়ন পাউন্ডের ক্ষতি হয়েছে। যাত্রী সংখ্যা ১৯৭০ সালের পর্যায়ে নেমে এসেছে। বিবিসির রিপোর্টে বলা হয়েছে ২০২০ সাল ছিলো গত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপ বছর।
যাত্রী সংখ্যা এভাবে কমতে থাকলে বিমানবন্দরটি পরিচালনা করা কঠিন হয়ে পড়তে পারে। তারপরও কর্তৃপক্ষ বলছে তাদের যে অর্থ রয়েছে তা দিয়ে ২০২৩ সাল পর্যন্ত পরিচালনা কর সম্ভব।
এদিকে করোনা মহামারির কারণে সারাবিশ্বের মতো যুক্তরাজ্যেও বেকারত্ব বেড়েছে। গত বছরের শেষ তিন মাসে দেশটিতে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ১ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে লন্ডনে বেড়েছে সর্বাধিক রিডানডেন্সির সংখ্যা। এর ফলে অনেকেই মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে রিপোর্ট করেছে বিবিসি।
লন্ডনে গত বছরে প্রতি এক হাজারে ১৯ জন চাকুরি হারিয়েছেন। ১২ মাস আগে এর হার ছিলো প্রতি হাজারে সাড়ে তিন জন।
যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দফতরের তথ্যমতে, দেশটিতে গত অক্টোবরের শুরু থেকে ডিসেম্বরের শেষ নাগাদ চাকরিচ্যুত মানুষের হার ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
করোনা মহামারি শুরুর পর থেকেই লকডাউন জারি করে যুক্তরাজ্য। করোনার বিস্তার ঠেকাতে জারি করা হয় কঠোর বিধি-নিষেধ। মহামারির কারণে গত ৩০০ বছরের মধ্যে সবচেয়ে বড় আর্থিক সঙ্কটে পড়েছে ব্রিটেন।
মহামারির মধ্যে যুক্তরাজ্যে বেকারত্ব কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বেকারত্বের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছেই। ২০১৯ সালের ডিসেম্বরের তুলনায় গত বছরের ডিসেম্বরে বেকারত্বের হার ১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।















