আটলান্টা যাওয়ার পথে বিমানে উঠতে গিয়ে হোঁচট খেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তাও একবার নয়, তিন তিনবার। স্থানীয় সময় গতকাল শুক্রবার ওয়াশিংটনের অদূরে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেজ এন্ড্রুজে এ ঘটনা ঘটে।
হোয়াইট হাউসের বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, ঘটনার সময় প্রচণ্ড বাতাস ছিল। জো বাইডেন ‘শতভাগ’ সুস্থ আছেন। তিনি কোনো আঘাত পাননি।
জো বাইডেন আটলান্টায় যাচ্ছিলেন। সেখানে এশীয়-আমেরিকান নেতাদের সঙ্গে সভায় যোগ দিতে যাওয়ার পথে ঘটে এ অঘটন ঘটে। বাইডেনের হোঁচট খাওয়ার একটি ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ওই ভিডিওতে দেখা গেছে, জো বাইডেনকে তার সহকারী বিমানের সিঁড়ি পর্যন্ত এগিয়ে দেন। কয়েকটি সিঁড়ি দিয়ে ওঠার সময় বাইডেনকে সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যেতে দেখা যায়। একবার, দুবার নয়, তিনবার পড়ে যান বাইডেন এবং উঠে দাঁড়ান। পরে বিমানের ভেতরে প্রবেশের আগে স্যালুট জানান।















