২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় লন্ডনের আইকনিক স্থাপনা ‘লন্ডন আই’ লাল সবুজের রংয়ে আলোকিত হয়ে উঠবে। ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার এ্যান্ড ইন্সপিরেশন (বিবিপিআই) ও লাষ্টমিনিট ডটকম লন্ডন আই পার্টনারশীপ ভিত্তিতে নেয়া হয়েছে এই অনন্য উদ্যোগ। টেমস নদীর তীরে অবস্থিত এই স্থাপনা বিশ্বের সবচেয়ে বৃহত্তম একটি হুইল (চাকা) যার উপরে উঠলে ৪০ কিলোমিটার দুর পর্যন্ত পুরো লন্ডনের দৃশ্য দেখা যায়। এটি লন্ডনে পর্যটকদের অন্যতম দর্শনীয় স্থাপনা। একই সাথে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কয়েক শ’ ব্রিটিশ বাংলাদেশিকেও স্মরণ করা হবে বিশেষ এই আলোক সজ্জার মাধ্যমে।
বিবিপি আই ফাউন্ডেশনের ট্রাষ্টি এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার আব্দাল উল্লাহ জানান, এই প্রথমবারের মতো লন্ডনের অন্যতম টুরিষ্ট আকর্ষণ ‘লন্ডন আই’ বাংলাদেশের পতাকার রং অর্থাৎ লাল সবুজ আলোয় উদ্ভাসিত হচ্ছে। বাংলাদেশের পতাকার রংয়ে আলোকিত এই স্থাপনা সবাইকে বিশেষ করে লন্ডনবাসীকে বাংলাদেশের সাথে ব্রিটেনের ঘনিষ্ট সম্পর্ককে স্মরণ করিয়ে দেবে। বিলেতে অর্ধমিলিয়নের বেশি বাংলাদেশি বংশোদ্ভুত বাস করেন। তারা ব্রিটেনে নানা ক্ষেত্রে বিশাল অবদান রেখে চলেছেন। তিনি বলেন, আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার কথা জানান দেবে ২৬শে মার্চে লন্ডনসহ বিভিন্ন শহরের নানা আয়োজন।
বিবিপি আই ফাউন্ডেশনের আরেকজন ট্রাষ্টি আয়েশা কোরেশি এমবিই বলেন, করোনাভাইরাস মহামারীতে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির লোকজন অন্য কমিউনিটির তুলনায় সবচেয়ে বেশি হারে মৃত্যুবরণ করেছেন। আমরা তাদেরকেও স্মরণ করছি এবং এনএইচএস এর ফ্রন্টলাইনে যারা কাজ করেছেন তাদের অবদানের কথাও স্মরণ করছি।
লাষ্টমিনিট ডটকম লন্ডন আই এর জেনারেল ম্যানেজার সানি জোহাল বলেন, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিশাল জনগোষ্টি যারা রাজধানী লন্ডনে বাস করেন তাদের জন্য আলোকসজ্জা করতে পেরে আমরা গর্বিত। তিনি বলেন, আমরা যখন বাংলাদেশের ৫০ বছর পুর্তি উদযাপন করছি তখন আপনারা অনুগ্রহ করে বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন এবং একে অন্যকে সাহায্য করুন।
সরকারের লকডাউন নীতিমালা ও করোনা ভাইরাস নির্দেশিকা অনুযায়ী বাংলাদেশের স্বাধীনতা উদযাপনে শুধুমাত্র আলোকসজ্জা করা হবে এবং জনসাধারণকে তা দেখার জন্য বাইরে যেতে উৎসাহিত করা হবে না। তবে এটি সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিং করা হবে, যা যেকেউ ঘরে বসেই উপভোগ করতে পারবেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে যুক্তরাজ্যে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনের জন্য বড় বড় শহরগুলোর গুরুত্বপুর্ণ বিল্ডিং ও দর্শনীয় স্থানে আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। এরমধ্যে রয়েছে এডিনবরার চেম্বার অব অব কমার্স বিল্ডিং ও সিটি এয়ারপোর্ট, নিউক্যাসলের মিলেনিয়াম ব্রিজ, মানচেষ্টার সেন্ট্রাল লাইব্রেরী, বার্মিংহ্যাম সেন্ট্রাল লাইব্রেরী, নথার্ম্পটন ইউনিভার্সিটি বিল্ডিং, কার্ডিফ ক্যাসল ও লন্ডনের ক্যানারী হোয়ার্ফ লাল সবুজ রংয়ে আলোকিত হয়ে উঠবে ২৬শে মার্চের সন্ধ্যায়। এছাড়া টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আগামী ডিসেম্বর পর্যন্ত নয়মাসব্যাপি নানা অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন করবে। সাপ্তাহিক জনমতও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ চলাকালীন সময়কালীন আর্কাইভ উন্মুক্ত করছে। ২৬ মার্চ থেকেই টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বিশেষ ওয়েবপেজে প্রদর্শিত হবে জনমত এর ঐতিহাসিক কিছু সংখ্যার প্রচ্ছদ।











