সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় (বুধবার সকাল ৮টা পর্যন্ত) ৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এসময় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ জন। এই ২৪ ঘন্টায় বিভাগে করোনা আক্রান্ত কোনো রোগী মারা যাননি। এছাড়া, করোনা আক্রান্ত হয়ে সিলেট জেলার নতুন ১জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় প্রেরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়, নতুন শনাক্ত ৫ জনই সিলেট জেলার। এছাড়া, গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনামুক্ত ১২ জনের মধ্যে সিলেট জেলার ২ জন, হবিগঞ্জ জেলার ৮ জন ও মৌলভীবাজার জেলার ২জন।
বর্তমানে সিলেট জেলায় ২ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এদিকে, সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন ১১ জন রোগী। এরা সবাই করোনা সন্দেহজনক রোগী।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১ হাজার ১৮০ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৬৮ জন মারা গেছেন, ওসমানী হাসপাতালে ১১৮ জন, সুনামগঞ্জে ৭৪ জন, হবিগঞ্জের ৪৮ জন ও মৌলভীবাজারের ৭২ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ৫৪ হাজার ৯৫৫ জন। অন্যদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ৪৯ হাজার ৩১৬ জন।











