জার্মানিতে ফের করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে৷ মহামারি করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ পুরোদমে শুরু হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞ৷ জার্মানভিত্তিক বার্তাসংস্থা ডয়েচ ভেলের প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।
ডয়েচ ভেলের প্রতিবেদনে বলা হয়, জেনেভায় জাতিসংঘের সাংবাদিক সংস্থাকে জার্মানির কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউটের পরিচালক লোটার ভিলার বলেন, ‘আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি জার্মানিতে ইতিমধ্যে তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে৷’
ইনস্টিটিউটটির পরিচালক এমন মন্তব্য করেন কারণ, জার্মানিতে এ সপ্তাহে এক দিনে ২৪ হাজার ৩৫৬ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে৷ এর ফলে এক সপ্তাহের মধ্যে দৈনিক সংক্রমণ ২ হাজার ৪০০ বেড়ে গেল৷ সংক্রমণের হারও এক লাখে ৬৫ দশমিক ৪ থেকে বেড়ে এ সপ্তাহে ৬৯ দশমিক ১ হয়েছে৷
এছাড়া ইউরোপের আরও কয়েকটি দেশে করোনার সংক্রমণ বাড়ছে৷ সংক্রমণ রোধে লকডাউন আবার কড়া করার সিদ্ধান্ত নিয়েছে ইটালি সরকার৷ বিশেষ করে যেসব এলাকায় এক লাখের মধ্যে ২৫০ জন বা তারও বেশি মানুষের দেহে সংক্রমণ ধরা পড়েছে, সেসব এলাকায় লকডাউন সবচেয়ে কড়াভাবে আরোপ করা হয়েছে৷
বেলারুশে কয়েকজনের দেহে পাওয়া গেছে যুক্তরাজ্যের নতুন ধরনের করোনাভাইরাস৷ সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন ধরনের ভাইরাসে আক্রান্তদের অধিকাংশই পোল্যান্ড, ইউক্রেন অথবা মিশর থেকে বেলারুশে প্রবেশ করেছেন৷ ডেনমার্ক পড়েছে অন্য সংকটে৷ সে দেশে অ্যাস্ট্রোজেনেকা টিকা দেওয়ার পর বেশ কয়েকজনের রক্ত জমাট বেঁধেছে৷ ফলে অ্যাস্ট্রো় জেনেকা টিকা দেওয়া বন্ধ করা হয়েছে৷
প্রসঙ্গত, ওয়ার্ল্ডোমিটারের হিসাবে, জার্মানিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ৪৬ হাজার ৫১০ জন। মারা গেছেন অন্তত ৭৩ হাজার ৫৬০ জন। আর দেশটিতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ২৭ জানুয়ারি।











