নিউজ ডেস্ক : র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলিয়া মেহেরের সই করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সারওয়ার আলম ২০১৫ সালের ৩১ মে র্যাবে যোগদান করেন।
এলিট ফোর্স র্যাবে যোগদানের পর ভেজাল খাদ্য ও অবৈধ হাসপাতাল পরিচালনা, মাদকবিরোধী অভিযান এবং ক্যাসিনোবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে আলোচনায় আসেন তিনি।
সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, ২৭তম বিসিএসে প্রশাসন ক্যাডার সার্ভিসে যোগদান করা এই কর্মকর্তা সর্বশেষ পুরনো ঢাকায় হাজি সেলিমের বাড়িতে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার জন্য তাকে বদলি করা হয়েছে। একজন এমপির বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করতে পারেন কিনা তা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হয়। এরপরই তাকে গোপনীয়তার মধ্যে বদলি করা হলো।












