হরতালের সমর্থনে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন হেফাজত ইসলামের নেতাকর্মীরা। রোববার (২৮ মার্চ) সকাল ৭টা থেকে মহাসড়কের জেলখানার মোড় এলাকায় অবস্থান নেন তারা।
বাশাইল থেকে জেলখানার মূল গেট সংলগ্ন প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে অবস্থান নিয়ে হেফাজতের কর্মীরা হরতালের সমর্থনে মিছিল করে।
বেলা ১১টার দিকে হেফাজত ইসলামের কয়েকশত কর্মী ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর জেলখানার মোড়ে প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে অবস্থান নিয়ে হরতালের সমর্থনে মিছিল করে। তারা সড়কের ওপর বসে পড়েন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। তখন একটি গাড়ি ভাঙচুর করেন তারা।
এ ছাড়া বেলা ১২টার দিকে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করেন হেফাজত কর্মীরা।
এদিকে মহাসড়কে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাবের উপস্থিতি দেখা গেছে। যদিও অবরোধের বিষয়ে কেউ কোনো কথা বলতে রাজি হননি।











