মহামারির মধ্য দিয়ে পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এদিন করোনা সংক্রমিত আরও ১৭৩ জনের মৃত্যুর খবর জানালো স্বাস্থ্য অধিদফতর। একই সাথে শনাক্ত হলেন আরও ৭ হাজার ৬১৪ জন করোনা রোগী।
বুধবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
দেশে এখন পর্যন্ত করোনায় ১৮ হাজার ৪৯৮ জন মারা গেছেন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৯৭৯ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৯ হাজার ৭০৪ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৬১ হাজার ৪৪ জনে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। এর দশদিন পর পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখে বাংলাদেশ।















