সিলেটের বিশ্বনাথ উপজেলার চান্দভরাং গ্রামের নাইয়া খালের উপর ব্রিজ নির্মাণ করে দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম রুহেল। নবনির্মিত ওই ব্রিজটি তার বাবা মরহুম হাজী মো. নাজিম উদ্দিন ও মাতা মরহুমা হাজী নজমুন নেছা খাতুনের নামে উৎসর্গ করেছেন।
একই সাথে ৪০০ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রশস্থ রাস্তার গার্ড ওয়ালও নির্মাণ করে দিয়েছেন তিনি। এতে রাস্তা ও ১৮ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রশস্তের ব্রিজ নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ লাখ। আর ওই রাস্তায় স্থানীয় এমপি মোকাব্বির খানের বরাদ্দ দেওয়া এক লাখ টাকায় মাটি ভরাট করা হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে নবনির্মত ওই ব্রিজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান ফিতা কেটে ওই ব্রিজ ও রাস্তার গার্ড ওয়াল নির্মাণের উদ্বোধন করেন।
উদ্বোধন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান। স্থানীয় এমপি মোকাব্বির খান ও প্রবাসী নজরুল ইসলাম রুহেলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্যে তিনি বলেন, সরকারের পাশাপাশি এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীরা এভাবে এগিয়ে এলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দশঘর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পাবেল সামাদ মেম্বার বলেন, ব্রিজ নির্মাণের ফলে চান্দভরাং গ্রামবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হল। কারণ গ্রামের যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম রুহেল নিঃস্বার্থভাবে গ্রামের মানুষের জন্য এই একটি ব্রিজ নির্মাণ করে দেওয়ায় চান্দভারাং গ্রামবাসী নির্বিঘ্নে হাওর ও মসজিদে যাতায়াত করতে সক্ষম হবেন।
গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বেদার উদ্দিন চৌধুরী ঝন্টির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর, শাহ ফারুক, মুহিত চৌধুরী, জাহিদুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রহিম, স্থানীয় মুরব্বী ইমান আলী, সংগঠক আমিনুল ইসলাম নুনু, দেওকলস ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান মিনু, সহসভাপতি আছকির আলী, যুবলীগ নেতা তাহির আলী, সিতাব আলী, আব্দুল মজিদ, ছাত্রলীগ নেতা ছায়মন আহমদ প্রমুখ।















