আলোচিত হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে কাশিমপুর কারাগার থেকে খুলনা কারাগারে স্থানান্তর করা হয়েছে। আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ জানান, সোনাডাঙ্গা থানার ২৩(২)২০১৩ নং মামলায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরার জন্য হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। সকালে পুলিশ হেফাজতে তাকে খুলনা জেলা কারাগারে নেওয়া হয়। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মামুনুল হকের হাজতি নং- ৭৬৬/২১।











