সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার এক বছর পূর্ণ হলো আজ। গত বছরের ২৫ সেপ্টেম্বর স্বামীকে বেঁধে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠে কলেজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আট জনের বিরুদ্ধে। এ ঘটনায় হওয়া দুটি মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে উচ্চ আদালতের আদেশে সংঘবদ্ধ ধর্ষণ, চাঁদাবাজি ও অস্ত্র আইনের দুই মামলার বিচার কার্যক্রম একই আদালতে একই সঙ্গে চলবে বলেও জানা গেছে। এ জন্য নতুন করে মামলার অভিযোগ গঠন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহিদুজ্জামান চৌধুরী বলেন, কয়েক মাস আগে মামলা দুটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। এখনও কোনও নির্দেশনা আসেনি। তবে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ধর্ষণ, চাঁদাবাজি ও অস্ত্র আইনের দুটি মামলার বিচার হবে একই সঙ্গে এবং একই আদালতে। সেইসঙ্গে আলোচিত দুই মামলার নতুন করে অভিযোগ গঠন করা হবে।
তিনি আরও জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের কোনও মামলায় একইসঙ্গে দণ্ডবিধি আইনের ধারা থাকলে মামলার বিচার একই আদালতে চলতে পারে। একসঙ্গে বিচার কার্যক্রম চলতে কোনও বাধা নেই। কিন্তু একই ঘটনায় পুলিশের দুটি অভিযোগপত্র দেওয়ায় বাদীপক্ষের সন্দেহ সৃষ্টি হয়। কারণ, চাঞ্চল্যকর এ মামলার সাক্ষীরা দুই আদালতে দু’দিন আসবেন কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করে বাদীপক্ষ। এছাড়া ধর্ষণের ঘটনায় গ্রেফতার সবাই নানাভাবে প্রভাবশালী। এজন্য বাদীপক্ষ উচ্চ আদালতের দ্বারস্থ হয়। আগামী ১৩ অক্টোবর বুধবার মামলার পরবর্তী ধার্য তারিখ রয়েছে। তবে ওইদিন কোন আদালতে অভিযোগ গঠন করা হবে তা এখনও নিশ্চিত নয় বলে জানান তিনি।











